প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ প্রয়াত হয়েছেন। ১৯৩৬ সালের ১ জুলাই কেরলের এর্নাকুলামে জন্মগ্রহণ করেন তিনি। স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পর ১৯৬১ সালে বেঙ্গালুরু মঠের মাধ্যমে তিনি রামকৃষ্ণ সঙ্ঘে যোগ দেন। ১৯৭১ সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি মায়াবতীর অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত ‘প্রবুদ্ধ ভারত’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য হন তিনি। ১৯৯২ সালে দুই প্রতিষ্ঠানের সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এবং দীর্ঘ ২৫ বছর সেই পদে আসীন ছিলেন। ২০২২ সালের এপ্রিল মাসে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন।
বেলুড় মঠের প্রবেশনার্স ট্রেনিং সেন্টারে প্রায় তিন দশক ধরে যোগদর্শন, বেদান্ত ও তুলনামূলক ধর্মতত্ত্ব পড়িয়েছেন তিনি। সংস্কৃত ও ধর্মীয় দর্শনে তাঁর বিশেষ পাণ্ডিত্য ছিল। ‘দ্য লাইট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড’ এবং ‘যোগা অফ মেডিটেশন’-এর মতো গুরুত্বপূর্ণ বইয়ের রচয়িতা তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি। আগামী ১৭ নভেম্বর বৃন্দাবনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
