প্রেমানন্দ মহারাজের শিষ্যের রহস্যমৃত্যু, চাঞ্চল্যকর ময়নাতদন্তের রিপোর্টে ঘনীভূত সাসপেন্স! – এবেলা

এবেলা ডেস্কঃ
বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের শিষ্য দীপক লোধির মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর আশ্রম ভবনের চারতলা থেকে ঝাঁপ দিয়ে তাঁর মৃত্যুর ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। রিপোর্টে দীপকের শরীরে ৬টি গুরুতর আঘাতের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে যৌনাঙ্গে গভীর ক্ষত, পাঁজরের ফ্র্যাকচার এবং মাথার চোট উল্লেখযোগ্য। মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ইলেকট্রিক গ্রাইন্ডার। ঝাঁপ দেওয়ার আগে এই আঘাতগুলি কীভাবে লাগল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁদের ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। তদন্তে পুলিশ ফরেন্সিক রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
এই রহস্যময় মৃত্যুর ঘটনার পরই আশ্রম কর্তৃপক্ষ গৃহস্থ শিষ্যদের জন্য কড়া নির্দেশিকা ও নতুন পোশাকবিধি চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, গৃহস্থ এবং ব্যবসায়ী শিষ্যরা আর আশ্রমের নির্দিষ্ট সাদা পোশাক পরতে পারবেন না, তাঁদের সাধারণ কুর্তা-পাজামা পরতে হবে। শুধুমাত্র মহারাজের সরাসরি সেবা ও আশ্রমের মূল দায়িত্বে থাকা সদস্যরাই সাদা পোশাক পরার অনুমতি পাবেন। পুরো ঘটনা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের তরফে ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। প্রকৃত সত্য সামনে আনতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন অন্যান্য সাধু-সন্তরা।
