ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! উত্তরপাড়ায় গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’ – এবেলা

এবেলা ডেস্কঃ
ফুচকার লোভ দেখিয়ে এক নাবালিকাকে নিজের ঘরে ডেকে শ্লীলতাহানির অভিযোগে হুগলির উত্তরপাড়ায় প্রতিবেশী এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে ‘দাদু’ বলে ডাকত নির্যাতিতা। ফুচকা খাওয়ানোর নাম করে এবং ১০-২০ টাকার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ঘরে ডেকে অশালীন আচরণ করা হতো বলে অভিযোগ। সম্প্রতি এক প্রতিবেশী মহিলা প্রৌঢ়ের ঘর থেকে নাবালিকাকে বের হতে দেখে সন্দেহ প্রকাশ করেন। এরপরই নাবালিকা সমস্ত ঘটনা খুলে বলে। ঘটনার জেরে এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। পরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে কঠোর পকসো আইনে মামলা রুজু করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে এ ধরণের নানা অভিযোগ উঠেছিল। বর্তমানে উত্তরপাড়া থানার পুলিশ সমগ্র ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
