ফুটপাতে রান্না বা চা তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ! সেক্টর ফাইভে হকারদের কড়া নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ
সল্টলেকের সেক্টর ফাইভে অস্থায়ী দোকানগুলি নিয়ে কড়া পদক্ষেপ করল বিধাননগর পৌরসভা। মাত্র দু’দিনের মৌখিক নির্দেশে প্লাস্টিক ও ত্রিপল ঘেরা সব দোকান সরাতে বলা হয়েছে। নতুন নিয়মে ফুটপাতে ব্যবসায় কেবল ছাতা ব্যবহারের অনুমতি মিলেছে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে খাবারের দোকানগুলি। পুরসভা জানিয়েছে, দোকানে গ্যাস বা উনুন জ্বালিয়ে রান্না এমনকী চা তৈরিও সম্পূর্ণ নিষিদ্ধ। খাবার অন্যত্র বানিয়ে এনে বিক্রি করতে হবে।
আইটি হাবের বহু কর্মী প্রতিদিন এই স্টলগুলির ওপর নির্ভরশীল। পুরসভার দাবি, অস্থায়ী কাঠামোয় আগুন ব্যবহারে বড়সড় অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে, তাই নিরাপত্তার স্বার্থেই এই কড়া ব্যবস্থা। তবে হঠাৎ এমন নির্দেশে চরম বিপাকে পড়েছেন হকাররা। পর্যাপ্ত সময় ছাড়া ব্যবসা বন্ধের নোটিশে রুজিরুটি হারানোর শঙ্কায় তাঁরা। এখন প্রশাসন এই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কোনও বিকল্প ব্যবস্থা নেয় কি না, সেটাই দেখার।
