ফের উত্তরাখণ্ডের টানেলে জলপ্রলয়! আটকে পড়া শ্রমিকদের বাঁচাতে চলছে যুদ্ধকালীন উদ্ধারকাজ – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটিতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত কাল সন্ধ্যা সাড়ে ছটায় হঠাৎ করেই সুড়ঙ্গের ভেতরে বিপুল পরিমাণে ধস নামে এবং তীব্র জলস্রোত ধেয়ে আসে। সেই সময় সুড়ঙ্গের ভেতরে কর্মরত ২২ জন শ্রমিক জলের তোড়ে ভেসে যান এবং আটকে পড়েন। ঘটনার পরই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৮ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও, ভিতরে এখনও অন্তত চারজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
চামোলির পুলিশকর্তা সুরজিৎ সিং পওয়ার জানিয়েছেন, জলস্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে শ্রমিকেরা নিজেদের রক্ষা করার কোনো সুযোগ পাননি। এদিকে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র যৌথ দল ধ্বংসস্তূপ সরিয়ে বাকিদের দ্রুত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি রাখা হচ্ছে।
