ফোনে শুধু একটা ‘Block’…! তাতেই ছ’মাসের সংসার ছারখার, অন্তঃসত্ত্বা বধূর মর্মান্তিক পরিণতি – এবেলা

এবেলা ডেস্কঃ
চেন্নাই: বিয়ের বয়স হয়েছিল মাত্র ছয় মাস। এর মধ্যেই এক লহমায় শেষ হয়ে গেল দুটি জীবন। স্বামীর সঙ্গে সামান্য মনমালিন্য এবং তারপর ফোন নম্বর ‘ব্লক’ করে দেওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক তরুণী। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের রিপোর্টে আরও জানা গেছে, মৃত তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চেন্নাইয়ের বেলাচেরির বাসিন্দা রঞ্জিতা (২৩)-র সঙ্গে মাস ছয়েক আগে গিন্ডির কুমারেশ (২৬)-এর বিয়ে হয়। কুমারেশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। অভিমান করে রঞ্জিতা বেলাচেরিতে নিজের বাপের বাড়ি চলে আসেন। আলাদা থাকলেও স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন তিনি।
নম্বর ‘ব্লক’ করতেই চরম সিদ্ধান্ত:
গত বৃহস্পতিবার রঞ্জিতা তাঁর স্বামীকে বেশ কয়েকবার ফোন করেন। কিন্তু কুমারেশ তাঁর সঙ্গে কথা বলতে চাননি। উল্টে বিরক্ত হয়ে স্ত্রীর মোবাইল নম্বরটি ‘ব্লক’ করে দেন। নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এই আচরণ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ২৩ বছরের রঞ্জিতা। সেই রাতেই বাড়িতে কেউ না থাকার সুযোগে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য:
খবর পেয়ে বেলাচেরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে রয়াপেট্টা সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেখানে চিকিৎসকরা জানান, রঞ্জিতা গর্ভবতী ছিলেন। এই খবর প্রকাশ্যে আসতেই দুই পরিবারে কান্নার রোল ওঠে।
কেবলমাত্র ফোন নম্বর ব্লক করার কারণেই কি রঞ্জিতা এই চরম পথ বেছে নিলেন, নাকি এর পেছনে অন্য কোনও কারণ বা মানসিক নির্যাতন ছিল— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। যেহেতু বিয়ের মাত্র ৬ মাসের মধ্যে এই ঘটনা ঘটেছে, তাই নিয়ম অনুযায়ী আরডিও (RDO) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
