বকেয়া ডিএ ও ডিআর দাবির সময়সীমা ৯০ দিন বাড়াল রাজ্য সরকার

বকেয়া ডিএ ও ডিআর দাবির সময়সীমা ৯০ দিন বাড়াল রাজ্য সরকার

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত দাবির আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বৃদ্ধি করল নবান্ন। রাজ্যের অর্থ দফতরের পেনশন শাখা থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষর রয়েছে। মূলত প্রয়াত সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের নমিনি এবং আইনগত উত্তরাধিকারীদের বকেয়া অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ ২০২৬ তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, প্রকাশের ১৮০ দিনের মধ্যে যোগ্য নমিনি বা উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি ও ব্যাঙ্কের তথ্য-সহ আবেদন জমা দিতে হবে। এই বকেয়া অর্থ ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। তবে প্রশাসনিক পর্যালোচনায় দেখা গেছে, নথিপত্র জোগাড় করতে গিয়ে পদ্ধতিগত বিলম্বের কারণে অনেক আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।

আবেদনকারীদের অসুবিধার কথা বিবেচনা করে এবং বকেয়া বণ্টনের বর্তমান অগ্রগতি খতিয়ে দেখার পরই প্রশাসন সময়সীমা বাড়ানোর এই অনুমোদন দিয়েছে। এর ফলে যে সমস্ত নমিনি বা আইনগত উত্তরাধিকারীরা এতদিন আবেদন করতে পারেননি, তারা এখন অতিরিক্ত ৯০ দিন সময় পাবেন। সংশ্লিষ্ট সকলকে দ্রুত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *