বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ: কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ৩ জেলায় রেড অ্যালার্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এর প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় ইয়েলো অ্যালার্ট ভোর থেকেই তিলোত্তমা ও পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন ধরে শহরের আকাশ মেঘলা থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির বিচারে কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
- রেড অ্যালার্ট: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া—এই ৩ জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
- ভারী থেকে অতিভারী বৃষ্টি: হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা বাড়বে। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে দার্জিলিং ও আলিপুরদুয়ারেও বর্ষণ বাড়তে পারে।
সমুদ্রে যেতে নিষেধ নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
