বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? ফায়ার সেফটির কড়া নোটিসে জল্পনা তুঙ্গে! – এবেলা

এবেলা ডেস্কঃ
ফায়ার সেফটি ব্যবস্থায় একাধিক গুরুতর বেনিয়ম ধরা পড়ার পর তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস সিল করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে কড়া নোটিস পাঠাল দমকল বিভাগ। গত মঙ্গলবার পাঠানো এই নোটিসে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব তলব করা হয়েছে। এর আগে সম্প্রতি ওই ভবনে বিলবোর্ড সংক্রান্ত অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছিল পুরসভা, যার জেরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই দমকলের এই পদক্ষেপে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, গত ১০ আগস্ট ওই কার্যালয়ের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে কোনও আবেদন করা হয়নি। পরবর্তীতে পরিদর্শনে গিয়ে ৭ ও ৮ তলার কার্যালয়ে মোট ছয়টি বড় ধরনের ত্রুটি দেখতে পান আধিকারিকরা। এর মধ্যে সপ্তম তলায় অগ্নিনির্বাপনের জন্য পর্যাপ্ত জলের অভাব, আপৎকালীন পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য যথাযথ ফায়ার এক্সিটের অনুপস্থিতি এবং নিষ্ক্রিয় ফায়ার অ্যালার্মের মতো গুরুতর বিষয়গুলি রয়েছে। এমতাবস্থায়, কেন এই ভবনে অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘন করে কাজ চালানো হচ্ছিল, তার ব্যাখ্যা চেয়ে সংশ্লিষ্ট ভবন মালিক ও ভাড়াটে পক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
