বাঁকুড়ায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে খুন

বাঁকুড়ায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে খুন

বাঁকুড়া শহরের লোকপুর এলাকায় শুক্রবার গভীর রাতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে ফেরার পথে আদিত্য ভকত নামে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। ৩০ বছর বয়সী আদিত্য কর্মসূত্রে নদিয়ার কল্যাণীতে থাকতেন এবং কালীপুজো উপলক্ষে সস্ত্রীক বাড়িতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পরিচিত এক ব্যক্তির ডাকে তিনি বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন।

অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন স্থানীয় এক যুবকের সঙ্গে আদিত্যের বচসা হয়। পরে বাড়ি ফেরার পথে একটি গলিতে তাঁকে ঘিরে ধরে কয়েকজন আক্রমণ করে। মত্ত অবস্থায় এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আদিত্যের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ পিকেট বসানো হয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ জানিয়েছেন, খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও পুলিশ উদ্ধার করেছে। মৃতের পরিবারের দাবি, ছটপুজোর পর আদিত্যের কল্যাণীতে ফিরে যাওয়ার কথা ছিল। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *