‘বাংলাদেশি’ তকমা দিয়ে আসাম সীমান্তে পুশব্যাক! ভারতীয় মহিলাকে দেশে ফেরাতে হাইকোর্টে পরিবার – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: ফের এক বাঙালি মহিলাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে জোরপূর্বক সীমান্তে ‘পুশব্যাক’ করার গুরুতর অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বাসিন্দা সইদা ভিখারী নামের ওই মহিলাকে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের। বর্তমানে তাঁকে দেশে ফিরিয়ে আনতে কলকাতা হাইকোর্ট এবং মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হয়েছে পরিবার।
ঠিক কী ঘটেছিল? পরিবার সূত্রে জানা গিয়েছে, সইদা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। গত ২০ বছর ধরে তাঁর স্বামী জুম্মান ভিখারী মুম্বইয়ে গাড়ির ক্লিনারের কাজ করছেন এবং সইদা সেখানে গৃহপরিচারিকার কাজ করতেন। গত ১৯ জুলাই নবি মুম্বইয়ে বাজারে যাওয়ার পথে স্থানীয় পুলিশ সইদাকে আটক করে একটি হোল্ডিং সেন্টারে রাখে।
আইনি নথি সত্ত্বেও ‘পুশব্যাক’: সইদার আটকের খবর পেয়েই পরিবার তাঁর ভোটার ও প্যান কার্ডসহ নাগরিকত্বের একাধিক প্রমাণপত্র জোগাড় করতে শুরু করে। কিন্তু আইনি নথি হস্তান্তরের আগেই, মুম্বই পুলিশ সইদাকে আসাম সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে অভিযোগ। পরিবারের দাবি, সইদা বর্তমানে সীমান্তের ওপারে একটি গ্রামে রয়েছেন।
আদালতে লড়াই: সইদাকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনতে মানবাধিকার সংগঠন ‘মাসুম’-এর সহায়তায় কলকাতা হাইকোর্টে সমস্ত নথি জমা দিয়েছে পরিবার। প্রশাসন ও আদালতের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
