বাংলাদেশে গ্রেফতার প্রাক্তন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু

বাংলাদেশে আওয়ামি লিগ নেতাদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে নরসিংদী জেলা আওয়ামি লিগের সভাপতি ও প্রাক্তন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি প্রধান শফিকুল ইসলাম তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাশকতা ও হিংসার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরু ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের জলসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের অগাস্টে আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকেই দলের শীর্ষস্থানীয় নেতা ও প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে চলতি মাসের শুরুতে আওয়ামি লিগ নেতা ও প্রাক্তন সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককেও গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে ঢাকার ভাটারা এলাকায় সংঘটিত হিংসার ঘটনায় দায়ের হওয়া একটি খুনের চেষ্টার মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে এই ধরনের একাধিক মামলায় আওয়ামি লিগের প্রাক্তন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
