বাংলায় তুমুল বৃষ্টির তাণ্ডব, দিঘার উত্তাল সমুদ্রে জারি চরম নিষেধাজ্ঞা! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলাদেশ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দুই বঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় কোচবিহারে ১৪৩ মিমি এবং দমদমে ৯৬ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির এই দাপট জারি থাকবে এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান সহ উত্তরবঙ্গেও ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।
টানা বর্ষণে কলকাতার নিচু এলাকায় জল জমে যান চলাচল ধীর হয়েছে এবং সুবর্ণরেখা ও অজয় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। অন্য দিকে, সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় আগামী ১২ জুলাই পর্যন্ত দিঘায় নামার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মৎস্যজীবী ও পর্যটকদের নিরাপদ স্থানে সরাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় অনবরত মাইকিং করা হচ্ছে।
