বাজার থেকে আনা চিকেন প্লাস্টিক ব্যাগে ফ্রিজে রাখা কতটা নিরাপদ?

বাজার থেকে কেনা কাঁচা মাংস প্লাস্টিক ব্যাগে ভরে সরাসরি ফ্রিজে রাখা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্যবসায়ীরা সাধারণত মাছ-মাংস বহনের জন্য যে নিম্নমানের কালো প্লাস্টিক ব্যবহার করেন, তা ফ্রিজে রাখলে ক্ষতিকর রাসায়নিক বা বিপিএ (BPA) মাংসে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বাজারের প্যাকেটে ধুলোবালি ও জীবাণু লেগে থাকে, যা ফ্রিজে রাখার ফলে অন্যান্য খাবারেও ছড়িয়ে পড়তে পারে।
মাংসের প্যাকেট থেকে রক্ত বা জল চুইয়ে ফ্রিজের অন্যান্য খাবারে মিশে গেলে তা থেকে আঁশটে গন্ধ তৈরি হয় এবং ফ্রিজের পরিবেশ দূষিত হয়। তাই বাজার থেকে মাংস আনার পর তা প্লাস্টিক ব্যাগ থেকে বের করে নেওয়া জরুরি। প্রথমে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এবং টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত জল মুছে শুকিয়ে নিন।
মাংস সংরক্ষণের সঠিক পদ্ধতি হলো এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করা। রান্নার প্রয়োজন অনুযায়ী মাংস ছোট ছোট ভাগে ভাগ করে আলাদা কন্টেইনারে রাখলে বারবার বরফ গলানোর ঝামেলা থাকে না। এছাড়া মাছ-মাংস সংরক্ষণের জন্য জিপ লক ব্যাগ ব্যবহার করাও বেশ সুবিধাজনক। এই ছোট সতর্কতাগুলো মেনে চললে মাংসের গুণমান বজায় থাকে এবং ফ্রিজের স্বাস্থ্যকর পরিবেশও সুরক্ষিত থাকে।
