বাবা-মা বললেই কি ইচ্ছা ছাড়া থাকতে হবে মেয়ের সঙ্গে? কড়া বার্তা দিল হাইকোর্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রাপ্তবয়স্ক সন্তান বাবা-মায়ের সঙ্গে থাকতে বাধ্য নন এবং নিজের পছন্দমতো স্থানে বা ব্যক্তির সঙ্গে থাকার সম্পূর্ণ স্বাধীনতা তাঁর রয়েছে। এলাহাবাদ হাইকোর্টের একটি সাম্প্রতিক রায়ে এই দ্ব্যর্থহীন বার্তা দেওয়া হয়েছে। কালাবতী দেবী নামের এক মহিলা তাঁর ২৫ বছরের মেয়ে পূজাকে আদালতে হাজির করার আর্জি জানিয়ে ‘হেবিয়াস কর্পাস’ আবেদন করেছিলেন। আদালতের নির্দেশে পুলিশ পূজাকে হাজির করলে তিনি জানান যে, সম্পূর্ণ নিজের ইচ্ছায় তিনি দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছেন এবং মায়ের সঙ্গে থাকতে চান না।
শুনানিতে তরুণী অভিযোগ করেন, অতীতে মায়ের বাজে আচরণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি, যা মা অস্বীকার করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সন্দীপ জৈন স্পষ্ট জানান, শুধুমাত্র বাবা-মা হওয়ার সুবাদে কাউকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একসঙ্গে থাকতে বাধ্য করা যায় না। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে, যা নারী স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পর্যবেক্ষণ।
