বিচারকের আসনেই ‘কালো জাদু’! মামলা জিততে এজলাসে একি কাণ্ড বৃদ্ধার? – এবেলা

বিচারকের আসনেই ‘কালো জাদু’! মামলা জিততে এজলাসে একি কাণ্ড বৃদ্ধার? – এবেলা

এবেলা ডেস্কঃ

মামলা জিততে অন্ধবিশ্বাসের চরম নিদর্শন! খোদ আদালতের এজলাসে ঢুকে বিচারকের চেয়ারে ‘কালো জাদু’ বা তুকতাক করার অভিযোগে গ্রেপ্তার হলেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কাবল্লাপুরার ফার্স্ট অ্যাডিশনাল সিনিয়র সিভিল জজ আদালতে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন অদ্ভুত ঘটনায় রীতিমতো স্তম্ভিত প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, অভিযুক্ত ওই বৃদ্ধার নাম মঞ্জুলা। তাঁর পরিবারের একটি দেওয়ানি মামলা ওই আদালতে চলছে। গত ৯ জুলাই সকালে আদালত খোলা থাকার সুযোগ নিয়ে সবার নজর এড়িয়ে এজলাসে ঢুকে পড়েন তিনি। অভিযোগ, মামলার রায় নিজের পক্ষে টানতে তিনি বিচারকের আসনে এবং এজলাসের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে সাদা সর্ষে ছড়িয়ে দেন। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী, প্রতিপক্ষকে হারাতে বা মামলা জিততে এই ধরনের টোটকার ব্যবহার করা হয়।

সিসিটিভিতে ফাঁস বৃদ্ধার কীর্তি আদালতের কর্মীরা এজলাসে সর্ষে ছড়ানো দেখে অবাক হন এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে পরিষ্কার দেখা যায়, ওই বৃদ্ধা অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারকের আসনে সর্ষে ছিটিয়ে নিজের ‘কার্যসিদ্ধি’র চেষ্টা করছেন।

কড়া আইনি পদক্ষেপ প্রমাণ হাতে পেতেই চিক্কাবল্লাপুর সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে আদালত কর্তৃপক্ষ। পুলিশ অভিযুক্ত মঞ্জুলাকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ‘কর্ণাটক প্রিভেনশন অ্যান্ড এরাডিকেশন অফ ইনহিউম্যান ইভিল প্র্যাকটিসেস অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট, ২০১৭’-এর মতো কঠোর ধারায় মামলা রুজু হয়েছে। আপাতত আদালতের নির্দেশে ওই বৃদ্ধাকে ১৪ দিনের বিচারবিভাগীয় জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *