বিচারকের নাবালক ছেলের মার্সিডিজ কাণ্ড! স্কুটারচালককে পিষে মারার অভিযোগে উত্তাল কেরল – এবেলা

এবেলা ডেস্কঃ
কেরলের কোচিতে এক ভয়াবহ পথদুর্ঘটনায় বিচারকের মার্সিডিজ গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুটারচালকের। শনিবার গভীর রাতে চেরানাল্লুর এলাকায় ঘটা এই দুর্ঘটনায় গাড়িটি চালাচ্ছিলেন খোদ বিচারকের ১৭ বছরের নাবালক পুত্র। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে, কী ভাবে অপ্রাপ্তবয়স্ক এক কিশোর বিচারকের বিলাসবহুল গাড়ি নিয়ে মাঝরাতে রাস্তায় বেরোল। দুর্ঘটনাস্থলেই স্কুটারচালক ওই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় এবং তাঁর স্কুটারটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
পুলিশ অভিযুক্ত নাবালক চালককে আটক করে রক্তের নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে মদ্যপানের প্রমাণ মেলেনি বলে জানানো হলেও অবহেলার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এদিকে মৃতের পরিবার গুরুতর অভিযোগ তুলেছে যে, থানায় পৌঁছোনোর পর অভিযুক্তের বিচারক-পিতা তাদের সঙ্গে অত্যন্ত আসাম্মানজনক আচরণ করেন। পেশায় খাবারের দোকানদার ওই নিহত ব্যক্তির পরিবারের স্পষ্ট হুঁশিয়ারি, এই বেপরোয়া মৃত্যুর ঘটনার বিরুদ্ধে তারা আইনি লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন।
