বিজয় মিছিলে নিষেধাজ্ঞা ও ১৬৩ ধারা জারি! গণনার আগে পূর্ব মেদিনীপুরে কড়া সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামীকাল ৪ মে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ভোটগণনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক সংঘর্ষ না ঘটে, তার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক এবং পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী, ফল ঘোষণার পর কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না।
গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ও বিধিনিষেধ
জেলার চার মহকুমা—তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরার গণনা কেন্দ্রগুলোকে ‘নো-ফ্রাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা জারি থাকবে, যার ফলে ওই এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। এছাড়া এই নির্দিষ্ট সীমানার মধ্যে কোনো প্রকার যান চলাচল করতে পারবে না এবং ড্রোণ ওড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অশান্তি রুখতে প্রশাসনের বাড়তি পদক্ষেপ
নির্বাচন পরবর্তী হিংসা এবং রক্তপাত এড়াতে প্রশাসন এবার আগেভাগেই সক্রিয়। মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে, জয়ী হওয়ার পর কোনো রাজনৈতিক দল বা সমর্থকরা বাজি ফাটাতে পারবেন না। বিগত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অশান্তিমুক্ত পরিবেশ বজায় রাখাই প্রশাসনের মূল লক্ষ্য। ১৬টি বিধানসভা আসনের ফলাফল প্রকাশের সময় এবং পরবর্তী পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলাজুড়ে পুলিশি টহলদারিও বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, নিয়ম লঙ্ঘন করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
