বিদ্যুৎ ও গ্যাস সংকটে বড় সিদ্ধান্ত! রাত আটটার মধ্যেই বন্ধ করতে হবে সব শপিংমল? – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলাদেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জেরে দোকানপাট ও শপিংমল খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দেশের সমস্ত শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সমস্ত বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত আটটার মধ্যে শেষ করতে হবে। তবে হাসপাতাল, ওষুধের দোকান ও খাবারের মতো জরুরি সেবা এ নির্দেশিকার আওতামুক্ত থাকবে এবং সন্ধ্যা সাতটার পর আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। সরকারের এই ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যুতের পাশাপাশি দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট, যা শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। পোশাকশিল্পসহ বহু কারখানা বন্ধ থাকায় শ্রমিক ও কর্মচারীরা বিপাকে পড়েছেন। অন্যদিকে জ্বালানি পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের আপাতত আর কোনো উপায় নেই। কাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে সরকারের করার বিশেষ কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।
