বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ! মমতার আমলের জট কাটিয়ে বঙ্গে চালু মোদীর ‘সূর্যঘর’ যোজনা – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘদিনের বঞ্চনার অবসান! কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে আটকে থাকা ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ (PM Surya Ghar Yojana) অবশেষে বাংলায় চালু হল। মঙ্গলবার নবান্ন থেকে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দফায় রাজ্যের ১৮০০টি পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।
কী এই ‘সূর্যঘর’ যোজনা? বিদ্যুৎ বিলের বোঝা থেকে সাধারণ মধ্যবিত্তকে মুক্তি দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
- বিনামূল্যে বিদ্যুৎ: বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে।
- বিপুল ভর্তুকি: প্যানেল বসানোর জন্য মিলবে সরকারি সাহায্য। ১ কিলোওয়াটের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
পূর্বতন সরকারকে কড়া নিশানা মুখ্যমন্ত্রীর এদিন নবান্ন থেকে প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, আগের সরকারের অসহযোগিতার কারণেই রাজ্যবাসী এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। গত জুন মাসে নন্দীগ্রাম থেকে তিনি সাধারণ মানুষকে এই প্রকল্পে আবেদনের আর্জি জানিয়েছিলেন। ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই মাত্র এক মাসের ব্যবধানে ১৮০০ উপভোক্তার বাড়িতে সোলার প্যানেল পৌঁছনোর কাজ শুরু হয়ে গিয়েছে।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকজন উপভোক্তার সঙ্গে সরাসরি কথাও বলেন মুখ্যমন্ত্রী। উপভোক্তারা জানান, তৃণমূল জমানায় আবেদন করেও তাঁরা কোনো সুবিধা পাননি। কিন্তু নতুন সরকার নির্দেশ দেওয়ার পর অনলাইনে আবেদন করতেই দ্রুত অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকে গিয়েছে। আগামীদিনে আরও বেশি সংখ্যক মানুষ যাতে এই প্রকল্পের আওতায় আসেন, সেটাই লক্ষ্য বলে জানিয়েছে রাজ্য সরকার।
