বিন্নাগুড়িতে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে চা শ্রমিকরা
November 24, 2026

বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের অন্তর্গত একটি চা বাগানে দীর্ঘদিনের চিতাবাঘ আতঙ্ক কাটল। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় চিতাবাঘের আনাগোনায় শ্রমিকদের মধ্যে ভীতি তৈরি হয়েছিল।
বাগান কর্তৃপক্ষের অনুরোধে বন দফতর প্রায় ২০ দিন আগে একটি খাঁচা পাতে। রবিবার গভীর রাতে ছাগলের টোপ দেওয়া সেই খাঁচায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ে। খবর পেয়ে ভোররাতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন এবং পরে সংরক্ষিত জঙ্গলের গভীরে ছেড়ে দেন।
চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় চা বাগানের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগেও আলিপুরদুয়ারের ফালাকাটার সুপ্রিয় চা বাগানে একই কায়দায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ ধরা পড়েছিল। জলদাপাড়া বন দফতরের তৎপরতায় চা বাগান এলাকা থেকে বারবার চিতাবাঘ উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি পাচ্ছেন।
