বিপর্যয়ের মেঘ উত্তরবঙ্গে, অচল রেল পরিষেবা: আকাশছোঁয়া ফ্লাইটের ভাড়া শুনে আঁতকে উঠছেন যাত্রীরা! – এবেলা

বিপর্যয়ের মেঘ উত্তরবঙ্গে, অচল রেল পরিষেবা: আকাশছোঁয়া ফ্লাইটের ভাড়া শুনে আঁতকে উঠছেন যাত্রীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারী বর্ষণের কারণে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। এর ফলে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ও কাঞ্চনকন্যার মতো একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও সাধারণ যাত্রীরা। বর্তমানে বিকল্প পথ হিসেবে কেবল উত্তরবঙ্গ এক্সপ্রেস ঘুরপথে পরিচালিত হচ্ছে। ফলে গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে আকাশপথ, তবে এই সুযোগে বিমান ভাড়ার পারদও চড়চড় করে বাড়ছে।

জরুরি প্রয়োজনে কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার ক্ষেত্রে ফ্লাইট টিকিট কাটতে গিয়ে রীতিমতো পকেট খালি হওয়ার উপক্রম হচ্ছে যাত্রীদের। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলির অধিকাংশ ফ্লাইটই দিল্লি বা মুম্বই হয়ে যাতায়াত করছে, যেগুলির ভাড়া পৌঁছছে প্রায় ১৪,০০০ থেকে ১৫,০০০ টাকায়। এমনকি সরাসরি ফ্লাইটের টিকিটও চড়া দামে বিক্রি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অনেকে কলকাতা থেকে ধুবড়ীর রূপসী বিমানবন্দর হয়ে সড়কপথে উত্তরবঙ্গ পৌঁছানোর বিকল্প পথও খুঁজছেন। সব মিলিয়ে, ট্রেন বাতিলের জেরে চরম উদ্বেগে দিশেহারা উত্তরবঙ্গগামী যাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *