বিয়ের আগেই মর্মান্তিক পরিণতি, জিম ট্রেনারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার!

বিয়ের আগেই মর্মান্তিক পরিণতি, জিম ট্রেনারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার!

এবেলা ডেস্কঃ

 

কানপুরে রহস্যমৃত্যু প্রফেশনাল বক্সার ও জিম ট্রেনারের, খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

কানপুর: উত্তরপ্রদেশের কানপুরের মহারাজপুর এলাকায় উদ্ধার হলো ২৬ বছর বয়সী এক তরুণী বক্সার ও জিম ট্রেনার মান্তাশা কুমারীর নিথর দেহ। নিহত ওই তরুণী উন্নাওয়ের গঙ্গা ঘাট কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দীপাবলি ও বিয়ের কেনাকাটার জন্য মান্তাশা বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কানপুরের চাকেরির লাল বাংলা মার্কেট এলাকায় যাচ্ছেন। কিন্তু সন্ধে ৭টা নাগাদ তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ওই রাতেই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

তদন্তে নেমে শুক্রবার পুলিশ মহারাজপুরের মাহোলি এলাকায় একটি কোল্ড স্টোরেজের পাশ থেকে মান্তাশার দেহ উদ্ধার করে। শনিবার ময়নাতদন্তের জন্য দেহটি মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তরুণীর বহুমূল্য ব্যাগ ও মোবাইল ফোনটি নিখোঁজ থাকায় পুলিশ সেগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

নিহত তরুণীর পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে মান্তাশার প্রেমিকের হাত রয়েছে। মান্তাশার বাবা জানান, একটি জিমে কাজ করার সুবাদে এক যুবকের সঙ্গে তাঁর মেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মান্তাশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সময়ও ওই যুবক তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

মৃত মান্তাশা কুমারী একজন দক্ষ ক্রীড়াবিদ হিসেবে পরিচিত ছিলেন। বাবার কাছ থেকেই তিনি বক্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। জেলা স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী এই প্রতিভাবান তরুণীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও ক্রীড়া মহলে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *