বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণার মারাত্মক অভিযোগ! জামিন নামঞ্জুর, সরাসরি জেলে বাংলার এই তারকা ক্রিকেটার – এবেলা

এবেলা ডেস্কঃ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করল চুঁচুড়া আদালত। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের এই প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। গত ১১ অগস্ট মগরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তিন দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার কড়া নিরাপত্তায় ফের আদালতে পেশ করা হলে আইনজীবীদের সমস্ত আবেদন ব্যর্থ হয়। দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে প্রেম, একসঙ্গে বিদেশ ভ্রমণ এবং পরবর্তীকালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগে হাইকোর্টের কড়া নির্দেশের পরেই পুলিশি জালে ধরা পড়েন এই ২৩ বছর বয়সী ক্রিকেটার।
বর্তমানে কর্নাটকে পাঠরত ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আদালতের এই কঠোর রায়ে আগামী শুনানি পর্যন্ত জেল হেফাজতেই দিন কাটাতে হবে তাঁকে। বাইশ গজের নজরকাড়া পারফরম্যান্সের মাঝে মাঠের বাইরের এই বিতর্ক তাঁর ক্রিকেট ক্যালিবার ও কেরিয়ারের ভবিষ্যৎকে মারাত্মক সংশয়ের মুখে ঠেলে দিয়েছে। একের পর এক অভিযোগে ক্রিকেট মহলেও সৃষ্টি হয়েছে ব্যাপক শোরগোল।
