বিশ্ব কূটনীতিতে ভারত ‘পার্শ্বচরিত্র’ হয়ে গিয়েছে, মোদী সরকারের বিদেশনীতি নিয়ে সরব রাহুল গান্ধী

শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলোচনাসভায় ভারতের বর্তমান বিদেশনীতি নিয়ে তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ভারত ক্রমশ তার গুরুত্ব হারিয়ে ‘সাইড প্লেয়ার’ বা পার্শ্বচরিত্র হয়ে উঠছে। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ভারত কেন এই ধরনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে।
রাহুল গান্ধীর মতে, ঐতিহাসিকভাবে বিশ্বমঞ্চে ভারতের একটি পরিণত ও শক্তিশালী অবস্থান ছিল। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সেই প্রভাব বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেন, আমেরিকা, ইরান ও রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা সত্ত্বেও নয়াদিল্লি সেই কূটনৈতিক সুযোগকে কাজে লাগাতে পারছে না। রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে বৃহত্তর ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী জানান, দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা থাকলেও সন্ত্রাসবাদ একটি বড় বাধা। তিনি স্পষ্ট করেন যে, পাকিস্তান যতক্ষণ ভারতে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করবে, ততক্ষণ আলোচনার পরিবেশ তৈরি হওয়া অসম্ভব। প্রসঙ্গত, এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন যে, ভারত আন্তর্জাতিক রাজনীতিতে ‘দালাল রাষ্ট্র’ বা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আগ্রহী নয়।
