বৃদ্ধার বাড়ির পর এবার নিশানায় আস্ত ক্লাব, দমদমে ফের জবরদখলের অভিযোগে কাঠগড়ায় বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ দমদমে এক বৃদ্ধার জমি ও বাড়ি দখলের রেশ কাটতে না কাটতেই এবার আস্ত একটি ক্লাব দখলের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় খোদ গেরুয়া শিবিরের অন্দরেই তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। অভিযোগ, দমদমের ৪ নম্বর ওয়ার্ডের নতুনবাজার কাঁঠালতলায় অবস্থিত ‘নবজাগরণ’ ক্লাবের নিয়ন্ত্রণ নিয়েছে বিজেপি। এর আগে এই ক্লাবটি বামফ্রন্ট ও তৃণমূলের হাত ঘুরেছিল। এমনকি শাসকদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এটি একসময় তৃণমূলের পার্টি অফিসেও পরিণত হয়। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ক্লাবের পুরনো সদস্যরা এর দখল নিলেও বর্তমানে তা ফের জবরদখলের শিকার বলে অভিযোগ।
ক্লাবের সভাপতির দাবি, গত ১৯ আগস্ট স্থানীয় বিজেপি নেতারা দলবল নিয়ে জোরপূর্বক ক্লাবটি দখলের চেষ্টা করেন। সেই সময় দমদম থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু পরের দিনই অভিযুক্তরা ফের সেখানে চড়াও হয়ে তীব্র অশান্তি সৃষ্টি করে এবং ক্লাবের বাইরে ‘অন্নপূর্ণা যোজনা সহায়ক কেন্দ্র’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেয়। এই চরম জবরদস্তির প্রতিবাদে দমদম থানা এবং পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ইমেইল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছে ক্লাব কর্তৃপক্ষ।
