বেলগাছিয়া স্টেশনে ঢোকার মুখেই ধোঁয়ায় ভরল মেট্রো, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের! – এবেলা

বেলগাছিয়া স্টেশনে ঢোকার মুখেই ধোঁয়ায় ভরল মেট্রো, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের! – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার ব্যস্ত সময়ে কলকাতার ব্লু লাইন মেট্রোয় আচমকা ধোঁয়া ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন বেলগাছিয়া স্টেশনে ঢোকার মুখেই তার একটি কামরা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় চারদিক ঝাপসা হয়ে গেলে ট্রেনের ভেতর যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত ট্রেনটি খালি করে যাত্রীদের নিরাপদে প্ল্যাটফর্মে নামিয়ে আনা হয়। এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, যাত্রীরাই প্রথম কামরার ভেতর ধোঁয়া দেখতে পান। বেলগাছিয়া স্টেশনে ট্রেন পৌঁছানোর পর দরজা খুলতেই আতঙ্কিত মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসেন। নিরাপত্তার স্বার্থে দ্রুত খালি রেকটিকে নোয়াপাড়া কারশেডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট বা প্রযুক্তিগত কোনও গলযোগের কারণে এমনটা ঘটেছে বলে অনুমান করা হলেও, আসল কারণ অনুসন্ধান করতে কারশেডে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অফিস ফেরার ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে ব্লু লাইনের মেট্রো পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালায় মেট্রো কর্তৃপক্ষ। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও যাত্রী বা মেট্রো কর্মীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *