বেলুচিস্তানে ড্রোন হামলায় আহত ৩, সামরিক অভিযান জারি

বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর ড্রোন হামলায় তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, রবিবার গভীর রাতে এই হামলা হয়। আহতরা একটি পাইপলাইন থেকে গ্যাস সংগ্রহের চেষ্টা করছিলেন, সেই সময় নিকটবর্তী পাকিস্তান ফ্রন্টিয়ার কর্পস (এফসি) ক্যাম্প থেকে ড্রোন হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার মাস্তুংয়ের গুরগিনা এলাকায় পাকিস্তানি সামরিক অভিযানের সময় আবাসিক এলাকায় মর্টার শেল আঘাত হানে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই অভিযানে বেশ কিছু দোকান পুড়িয়ে দেওয়া হয় এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া রবিবার কেচ জেলাসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে, যেখানে স্থল ও আকাশপথে তৎপরতা চালানো হচ্ছে। কালাতুক ও নাসিরাবাদের মতো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মোবাইল ডেটা পরিষেবাও স্থগিত রাখা হয়েছে।
গত সপ্তাহে তুরবাতে সেনাপ্রধান আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সামরিক বৈঠকের পর এই অভিযানগুলো শুরু হয়েছে। ওই বৈঠকে শহুরে কেন্দ্র ও পার্বত্য অঞ্চলে সামরিক অভিযানের অনুমোদন দেওয়া হয়েছিল বলে জানা গেছে। একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে নুশকি জেলায় পাকিস্তানি বাহিনীর অভিযানে পাঁচ শিশু আহত হয়েছে এবং বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো বেলুচিস্তানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
