সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে সনিয়া গান্ধীকে আইনি নোটিস

সনিয়া গান্ধীর লেখা স্মৃতিকথায় বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে করা মন্তব্যের জেরে আইনি নোটিস পাঠিয়েছেন তাঁর প্রপৌত্র সাত্যকি সাভারকর। গত ১০ নভেম্বর প্রকাশিত বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকরকে নিয়ে দেওয়া তথ্য বিভ্রান্তিকর ও সম্মানহানিকর বলে দাবি করা হয়েছে।

আইনজীবী সংগ্রাম কোলহাতকরের মাধ্যমে পাঠানো এই নোটিসে সনিয়া গান্ধীকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং বইয়ের বিতর্কিত অংশগুলি সংশোধন করতে হবে। অন্যথায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিসে অভিযোগ করা হয়েছে, ২০১ নম্বর পৃষ্ঠায় সাভারকরকে ব্রিটিশদের কাছে ক্ষমা ভিক্ষা করা এবং চরবৃত্তির সঙ্গে যুক্ত বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন। সাভারকরের দীর্ঘ কারাবাস ও আন্দামানের সেলুলার জেলে তাঁর ওপর চলা অমানবিক নির্যাতনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপেক্ষা করে এই বিকৃত তথ্য পরিবেশন করা হয়েছে।

এছাড়া ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকরের হিন্দুত্ববাদী আদর্শকে ভুলভাবে ব্যাখ্যা করে তাঁকে ‘হিন্দুরাই সর্বোচ্চ’ এমন দৃষ্টিভঙ্গির প্রবক্তা হিসেবে তুলে ধরা হয়েছে, যা তাঁর রাজনৈতিক দর্শনের পরিপন্থী। এই বই প্রকাশের পর থেকেই সাভারকরকে নিয়ে করা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার নেতারা প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *