ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তুলতে গিয়েই চোখ কপালে, রাতারাতি ৭৫৯ কোটির মালিক কোচবিহারের ২ বাসিন্দা – এবেলা

এবেলা ডেস্কঃ
কোচবিহারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে এক চরম বিস্ময়কর অভিজ্ঞতার সাক্ষী হলেন এক চপ ব্যবসায়ী এবং এক দশম শ্রেণীর ছাত্র। রবিবার তুফানগঞ্জ-২ ব্লকের তাকোয়ামারি এলাকার ছোট ব্যবসায়ী সুকুমার অধিকারী ৫০০ টাকা তুলতে গিয়ে দেখেন তাঁর অ্যাকাউন্টে ৭৫৯ কোটিরও বেশি টাকা রয়েছে। এই খবর জানাজানি হতেই তাঁর দোকানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অন্যদিকে, দিনহাটার এক স্কুলছাত্রও স্কলারশিপের সামান্য টাকা তুলতে গিয়ে নিজের অ্যাকাউন্টে প্রায় সমপরিমাণ টাকা দেখতে পায়। বিপুল অঙ্কের এই টাকা দেখে ওই ছাত্র ও ব্যবসায়ী দুজনেই চরম আতঙ্কিত হয়ে পড়েন।
নিজেদের সততা বজায় রেখে ব্যবসায়ী সুকুমার অধিকারী এবং ওই ছাত্র সম্পূর্ণ বিষয়টি স্থানীয় পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান। দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য সুকুমারবাবু জানান, এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল তা নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্যাঙ্কের সার্ভার বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে। তবে ভিন্ন দুই গ্রাহকের অ্যাকাউন্টে প্রায় একই বিপুল অঙ্কের টাকা দেখানোর ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। যদিও ওই দুই গ্রাহকই জানতে পেরেছেন যে অ্যাকাউন্টে এই বিপুল ব্যালেন্স দেখালেও নিয়মানুযায়ী ওই অর্থে তাঁদের কোনো অধিকার নেই।
