ভয়ঙ্কর ট্রলার দুর্ঘটনায় মৃত্যুঞ্জয়ী ১৩ মৎস্যজীবী! বঙ্গোপসাগরের বুকে সেদিন আসলে কী ঘটেছিল? – এবেলা

ভয়ঙ্কর ট্রলার দুর্ঘটনায় মৃত্যুঞ্জয়ী ১৩ মৎস্যজীবী! বঙ্গোপসাগরের বুকে সেদিন আসলে কী ঘটেছিল? – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার রাতে গভীর সমুদ্র থেকে উপকূলে ফেরার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবনের বাঘের চরের কাছে বিজুয়াড়া খালের চরে ধাক্কা মারে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরের ‘এফবি শুভদ্বীপ’ নামের একটি মাছ ধরার ট্রলার। সংঘর্ষের তীব্রতায় ট্রলারের তলা ফেটে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে এবং সেটি ডুবতে বসে। জীবন সংশয়ের আশঙ্কা তৈরি হওয়ায় মৎস্যজীবীরা সঙ্গে সঙ্গে পাথরপ্রতিমা বিডিওর কন্ট্রোলরুমে এসওএস বার্তা পাঠান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং রামগঙ্গা রেঞ্জের বনকর্মী ও গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানান, বনদপ্তরের নৌকার সাহায্যে ১৩ জন মৎস্যজীবীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। তবে ক্ষতিগ্রস্ত ট্রলারটিকে এখনও উদ্ধার করা যায়নি এবং সেটিকে উদ্ধারের চেষ্টা চলছে। মাসখানেক আগে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৯ জন মৎস্যজীবীর প্রাণহানির মর্মান্তিক ঘটনার স্মৃতি তাজা থাকলেও, পুলিশ ও বনদপ্তরের সময়োচিত পদক্ষেপে এ যাত্রায় এক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বাংলার এই ১৩ মৎস্যজীবী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *