রাজ্য বিজেপিতে বড় ঝড়! দুর্নীতি ঠেকাতে ১২টি জেলায় বড় রদবদলের মাস্টারপ্ল্যান! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই দলের অভ্যন্তরে দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নড়েচড়ে বসল রাজ্য বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই দলের নীতি অনুযায়ী কঠোর অবস্থান নিয়ে ২২ জন নেতাকে সাসপেন্ড এবং আড়াইশোর বেশি নেতাকে শোকজ করা হয়েছে। দলের অন্দরে কড়া বার্তা দিয়ে শমীক ভট্টাচার্য আগেই হুশিয়ারি দিয়েছিলেন যে, দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই প্রতিশ্রুতির পথ ধরেই এবার সংগঠনের গোড়ায় গলদ দূর করতে বড় পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে।
দলীয় সূত্রের খবর, বেশ কিছু জেলায় দলের ভিত এখনও শক্ত নয় এবং সেখানে নানা ধরনের দলবিরোধী কর্মকাণ্ড মাথাচাড়া দিচ্ছে। বিশেষ করে জোর করে টাকা আদায় এবং আর্থিক লেনদেনের একাধিক গুরুতর অভিযোগ এসে পৌঁছেছে শীর্ষ নেতৃত্বের কাছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, যে সমস্ত জেলায় শৃঙ্খলাভঙ্গের ঘটনা বেশি ঘটেছে, সেখানে নির্বাচনী ফলাফলও ভালো হয়নি। এই পরিস্থিতিতে আগামী দিনে কঠোর হাতে সংগঠনের রাশ টানতে এবং দুর্নীতির আগাছা পুরোপুরি উপড়ে ফেলতে প্রায় বারোটিরও বেশি সাংগঠনিক জেলায় বড় ধরনের রদবদল আনতে চলেছে রাজ্য নেতৃত্ব।
