ভাঙা টেস্ট টিউব আর এক গবেষকের রহস্যমৃত্যু! শয়ে শয়ে মানুষ কোয়ারান্টিনে, রাশিয়ায় কি তবে ফিরছে মহামারি? – এবেলা

এবেলা ডেস্কঃ
কোভিডের ধাক্কা কাটতে না কাটতেই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে ছড়িয়ে পড়া একটি ল্যাবরেটরি কাণ্ডকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটের ২৮ বছর বয়সী এক তরুণী গবেষকের আকস্মিক মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ওই গবেষকের মৃত্যুর পর তাঁর সংস্পর্শে আসা প্রায় দুশো জনকে জোরপূর্বক কোয়ারান্টিন ও কঠোর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। শেলেখভ ও পার্শ্ববর্তী অঞ্চলের হাসপাতালগুলিতেও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, গবেষণাগারে কাজ করার সময় জীবন্ত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব দুর্ঘটনাবশত ভেঙে যাওয়ায় এই মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। তবে রুশ স্বাস্থ্য কর্তৃপক্ষ বা জনস্বাস্থ্য সংস্থা এখনও পর্যন্ত মৃত্যুর কারণ হিসেবে প্লেগ বা কোনো ল্যাব দুর্ঘটনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তা সত্ত্বেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং জনমনে আতঙ্ক রুখতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নজরদারি ও সুরক্ষা বিধি কঠোর করা হয়েছে।
