ভারতীয় সিমে হানিট্র্যাপ! বাংলায় ধৃত ৩ পাক চর কীভাবে চালাত অপারেশন? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে বাংলার বুক থেকে গ্রেপ্তার করা হলো তিন পাকিস্তানি গুপ্তচরকে। ধৃতদের নাম মহম্মদ শফিকুল ইসলাম, নুর নাসিরুদ্দিন আলি এবং রাশিদুল ইসলাম। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, জালিয়াতির মাধ্যমে বেআইনিভাবে তোলা ভারতীয় সিমকার্ড হাত ঘুরে নেপাল হয়ে সরাসরি পাকিস্তানে পাচার করা হতো। মূলত সেই সিমগুলি ব্যবহার করেই ডিজিটাল হানিট্র্যাপের ফাঁদ পাতা এবং দেশের সুরক্ষায় নাশকতার হুমকি দেওয়ার মতো মারাত্মক সব অপরাধ চালানো হতো বলে অভিযোগ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে গরুপাচার ও জাল নোটের কারবারের গভীর যোগ রয়েছে। ধৃতরা বাংলাদেশি যুবক আকবর ওরফে সম্রাটের মাধ্যমে এই অপকর্মের জাল বিস্তার করেছিল। সীমান্ত পেরিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত তারা। বর্তমানে ধৃতদের মোবাইল ও ডিজিটাল নথিপত্র ঘেঁটে একাধিক সন্দেহভাজনের নাম পেয়েছন তদন্তকারীরা। আন্তঃসীমান্ত এই গুপ্তচর নেটওয়ার্কের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে রাজ্যজুড়ে লাগাতার জেরা চলছে।
