ভূত তাড়ানোর নামে তরুণীর ওপর ভয়ংকর অত্যাচার!

কেরলের এক তরুণীকে ভূত তাড়ানোর নামে ঘণ্টার পর ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। ‘কালো জাদু’র মাধ্যমে ‘অশুভ ছায়া’ দূর করার অজুহাতে অভিযুক্ত যুবক, তার পরিবারের সদস্য এবং এক তান্ত্রিক যোগসাজশে এই পৈশাচিক নির্যাতন চালায়। ঘটনার ভয়াবহতা এবং তরুণীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তার পরিবার পুলিশের দ্বারস্থ হলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় পুলিশ তান্ত্রিকসহ তিনজনকে গ্রেফতার করেছে।
নির্যাতিতা তরুণীর অভিযোগ অনুযায়ী, গত সপ্তাহে সকাল ১১টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই তান্ত্রিক আচার। এ সময় তাকে জোর করে বিড়ি ও মদ পান করানো হয় এবং সিঁদুর মিশ্রিত ছাই খেতে বাধ্য করা হয়। নির্যাতনের এক পর্যায়ে জ্বলন্ত ধূপ দিয়ে তরুণীর শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বর্তমানে নির্যাতিতা চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ এবং পলাতক অন্যদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
