পশ্চিমবঙ্গে ভোটের জোয়ার! ৭ লক্ষ নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘিরে বাড়ছে উত্তেজনা

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে নতুন করে প্রায় ৭ লাখ ভোটার তালিকাভুক্ত হয়েছেন, যার ফলে বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৮ জনে। নতুন যুক্ত হওয়া ভোটারদের মধ্যে ৩.২২ লাখ ভোটার আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে এবং ৩.৮৮ লাখ ভোটার ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনালের নির্দেশে ভোটার তালিকাভুক্তির প্রক্রিয়া চলমান থাকায় এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে কমিশন।
নতুন ভোটারদের অন্তর্ভুক্তি ও প্রক্রিয়া নিয়ে কিছু অস্পষ্টতার কথা সামনে এসেছে। এই নতুন ভোটারদের বয়স বা লিঙ্গভিত্তিক কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি নির্বাচন কমিশন। এছাড়া কতগুলো ‘ফর্ম-৬’ জমা পড়েছিল এবং কতগুলো আবেদন বাতিল হয়েছে, সেই পরিসংখ্যানও মেলেনি। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে অনুমোদিত আরও ২৭ লাখ নাম যুক্ত করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের ধীরগতি নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচনের ফলাফলে এই বিশালসংখ্যক নতুন ভোটারের অন্তর্ভুক্তি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
