ভোটার তালিকায় একের পর এক নাম কাটা যাবে না আর! কমিশনের এক মোক্ষম চালে বন্ধ হতে চলেছে সব কারচুপি – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/04/29/election-commission-2026-04-29-10-31-55.png?ssl=1)
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকায় অনিয়ম ও ভুয়ো আবেদন রোধে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ বা সংশোধনের কাজে ব্যবহৃত ‘ফর্ম ৭’ জমা দেওয়ার নিয়মে আনা হয়েছে কড়া বিধিনিষেধ। নতুন নিয়ম অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিশেষ পুনরীক্ষণ চলাকালীন একজন নিবন্ধিত ভোটার সর্বাধিক ১০টি এবং বছরের অন্যান্য সাধারণ সময়ে মাসে সর্বাধিক ৫টি ‘ফর্ম ৭’ জমা দিতে পারবেন। অনলাইন পোর্টাল এবং ইআরও অফিসে জমা দেওয়া অফলাইন আবেদন—উভয় ক্ষেত্রেই এই নিয়ম সমানভাবে প্রযোজ্য হবে। কর্ণাটক, ওড়িশা, ঝাড়খণ্ড ও তেলেঙ্গানার মতো রাজ্যগুলোতে গণহারে আবেদন জমা দিয়ে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম বাদ দেওয়ার প্রবণতা তৈরি হওয়ায় কমিশন এই কড়া সিদ্ধান্ত নিয়েছে।
তবে কমিশন স্পষ্ট করেছে যে, শুধু আবেদন জমা দিলেই কারও নাম বাদ যাবে না। এর জন্য ইআরও-কে আবেদনকারীর লিখিত বয়ান রেকর্ড করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকেও শুনানির পর্যাপ্ত সুযোগ দিতে হবে। কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে আবেদন করেন, তবে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে কড়া আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের বিশ্বাস, এই সিদ্ধান্তের ফলে সাধারণ নাগরিকদের হয়রানি কমবে এবং অসৎ উদ্দেশ্যে নাম কাটার অপচেষ্টা সম্পূর্ণ বন্ধ হবে।
