ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর কমিশন, বিজয় মিছিলে জারি একগুচ্ছ বিধিনিষেধ – এবেলা

ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর কমিশন, বিজয় মিছিলে জারি একগুচ্ছ বিধিনিষেধ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা, ৪ মে ২০২৬: কড়া নিরাপত্তার ঘেরাটোপে বাংলার ২৯৩টি আসনে শুরু হয়েছে ভোটগণনা। তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আবহে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। গণনার দিন বা ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে যেকোনো ধরণের অশান্তি এড়াতে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল রাজনৈতিক দলগুলোকে কড়া বার্তা দিয়েছেন। বিশেষ করে বিজয় মিছিল আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

বিজয় মিছিলে কড়া নজরদারি

মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, ফলাফল পরবর্তী বিজয় মিছিলের ওপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও তা নিয়ন্ত্রণে কঠোর নিয়ম মানতে হবে। জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকরা (DM) যদি সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে অনুমতি দেন, তবেই বিজয় মিছিল করা সম্ভব হবে। কমিশনের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, রাজ্যের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ফল ঘোষণার দিন বড় কোনো উদযাপন বা জমায়েত থেকে বিরত থাকাই শ্রেয়। বিনা অনুমতিতে কোনো ধরণের রাজনৈতিক মিছিল বের করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা

রাজ্য জুড়ে ৪৫৮টি গণনাকেন্দ্রে ভোটগণনার কাজ চলছে। সেখানে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, পূর্ববর্তী দুই দফার নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয়েছে। তবে ফলতা এলাকায় ছাপ্পা ও ভুয়ো ভোটারের অভিযোগ ওঠায় সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে গণনার দিন না ঘটে, তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে প্রোটোকল মেনে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকায় স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *