ভোর হতেই হানা, তৃণমূল প্রার্থীর বাড়ি-অফিসে আয়করের তোলপাড়!

ভোটের উত্তেজনার মধ্যেই শুক্রবার সকালে কলকাতার মনোহরপুকুর রোডে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমারের বাসভবন ও দপ্তরে আকস্মিক অভিযান চালিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এর আগে কয়েকশো কোটি টাকার প্রতারণা ও জালিয়াতির একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। মূলত ওই মামলার সূত্র ধরে এবং জমি দখল ও বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখতেই আয়কর দপ্তরের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
তল্লাশিকালে আয়কর আধিকারিকরা নির্বাচনী কার্যালয়ের নথিপত্র ও ল্যাপটপ পরীক্ষা করতে চাইলে তৃণমূল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। দলীয় কর্মীদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই অভিযান চালানো হচ্ছে এবং এর মাধ্যমে নির্বাচনী তথ্য ও এজেন্টদের তালিকা সংগ্রহের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যদিও আয়কর দপ্তরের পক্ষ থেকে এখনো এই অভিযান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
