জাপানে বাড়ছে মুসলিম জনসংখ্যা, ১৩ বছরেই ১৫০ মসজিদ!

জাপানে গত এক দশকে মুসলিম জনসংখ্যা ও মসজিদের সংখ্যায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষজ্ঞ হিরোফুমি তানাদার তথ্য অনুযায়ী, ২০১০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার, যা ২০২৪ সালের শুরুতে ৩ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে জাপানে মসজিদের সংখ্যা ৪টি থেকে বেড়ে প্রায় ১৫০টিতে উন্নীত হয়েছে। মূলত জাপানের হ্রাসমান জন্মহার মোকাবিলায় বিদেশি শ্রমশক্তির ওপর নির্ভরতাই এই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই দ্রুত পরিবর্তনের ফলে স্থানীয়দের মধ্যে সাংস্কৃতিক উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে ইয়োকোহামা ও ফুজিসাওয়াসহ বেশ কিছু এলাকায় মসজিদ নির্মাণ ও কবরস্থান স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ ছাড়া কিতাকিউশুর স্কুলে হালাল খাবারের প্রবর্তন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নতুন সরকার অভিবাসন ও বিদেশী নাগরিকদের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে, যা দেশটিতে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক বিতর্ককে আরও ত্বরান্বিত করেছে।
