মদনমোহনের রাসমেলায় অরিজিৎ-শ্রেয়ার অনুষ্ঠান নিয়ে ছড়ানো তালিকা সম্পূর্ণ ভুয়ো!

এবেলা ডেস্কঃ
কোচবিহারের রাস উৎসবে আমন্ত্রিত শিল্পীদের তালিকা ভুয়ো, জানাল প্রশাসন
নিজস্ব প্রতিবেদন, কোচবিহার: কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের নাম নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাটি সম্পূর্ণ ভুয়ো বলে জানাল জেলা প্রশাসন। শনিবার প্রশাসনের পক্ষ থেকে এ কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের রাস উৎসব। উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন শিল্পীরা আসবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম এবং মোনালি ঠাকুরের মতো নামজাদা শিল্পীদের নাম ও তারিখ উল্লেখ করে একটি তালিকা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি নিয়ে বিভ্রান্তি ছড়াতে শুরু করলে কোচবিহার সদর মহকুমাশাসক তথা পুরসভার প্রশাসক গোবিন্দ নন্দী জানান, সমাজমাধ্যমে প্রচারিত তালিকাটি ভিত্তিহীন।
মহকুমাশাসক জানান, জেলা প্রশাসন কিংবা পুরসভার পক্ষ থেকে এ ধরনের কোনো তালিকা প্রকাশ করা হয়নি। তিনি আরও জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিল্পী নির্বাচনের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রকৃত শিল্পীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় প্রশাসনের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমাশাসক। উল্লেখ্য, এবারের রাস উৎসবের উদ্বোধনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলে বিভিন্ন মহলে জল্পনা চলছে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পী তালিকা নিয়ে প্রশাসনের এই বিবৃতির পর আপাতত সমস্ত জল্পনার অবসান ঘটল।
