৫০ ফুট পাহাড়ে উঠে প্রতিমা দর্শন নিয়ে তুলকালাম, পুজো বন্ধের হুঁশিয়ারি পুলিশের!

৫০ ফুট পাহাড়ে উঠে প্রতিমা দর্শন নিয়ে তুলকালাম, পুজো বন্ধের হুঁশিয়ারি পুলিশের!

এবেলা ডেস্কঃ

 

নিরাপত্তার খাতিরে বারাসাতের পুজোমণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনের কড়া অবস্থান

নিজস্ব প্রতিবেদন, বারাসাত: নিরাপত্তার কারণ দর্শিয়ে বারাসাতের অশোকনগরের ‘সংঘশ্রী’ ক্লাবের পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। পুলিশ সুপারের নির্দেশ উপেক্ষা করে উদ্বোধনের দিন মণ্ডপে দর্শনার্থী প্রবেশের অভিযোগ ওঠায় শনিবার রাতের মতো দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ। পাল্টা পদক্ষেপ হিসেবে পুজো বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন উদ্যোক্তারা।

জানা গেছে, চলতি বছর কালীপুজোয় অশোকনগরের সংঘশ্রী ক্লাব ৫০ ফুট উচ্চতার শিবমূর্তিসহ আদিযোগীর আদলে পাহাড় সদৃশ মণ্ডপ তৈরি করেছে। উদ্যোক্তাদের পরিকল্পনা ছিল, দর্শনার্থীরা পাহাড়ের ওপর উঠে প্রতিমা দর্শন করবেন। তবে মণ্ডপ পরিদর্শনের পর বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার এম মার্সি নিরাপত্তার স্বার্থে এই পরিকল্পনায় আপত্তি জানান। পুলিশ সুপার জানান, মণ্ডপের প্রবেশ ও বেরোনোর পথ সংকীর্ণ এবং উচ্চতাও উদ্বেগজনক। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট অনুযায়ী, একসঙ্গে সর্বোচ্চ ১০ জন দর্শনার্থী মণ্ডপের ওপর উঠতে পারবেন, যা বিপুল ভিড় সামলানোর ক্ষেত্রে যথেষ্ট নয়। ফলে নিচে থেকে প্রতিমা দর্শনের পরামর্শ দেওয়া হয়।

অভিযোগ, পুলিশ সুপার এলাকা ছাড়ার পরই তাঁর নির্দেশ অমান্য করে মণ্ডপ উদ্বোধন করা হয় এবং দর্শনার্থীদের ওপরে ওঠার অনুমতি দেয় পুজো কমিটি। বিষয়টি নজরে আসতেই অশোকনগর থানার পুলিশ শনিবার রাতের মতো মণ্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয়।

প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন সংঘশ্রী ক্লাব শ্যামাপুজো কমিটির সদস্য তাপস পাল। তিনি বলেন, “পাহাড়ের আদলে মণ্ডপ তৈরির মূল আকর্ষণই হলো ওপরে উঠে প্রতিমা দেখা। নিচে থেকে দর্শনের বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। দর্শনার্থীদের ওপরে উঠতে না দেওয়া হলে পুজো বন্ধ রাখতে বাধ্য হব।” কমিটির দাবি, প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে এবং এলাকাবাসীর সহায়তায় তৈরি এই মণ্ডপে অতীতেও পাহাড় তৈরি করা হয়েছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি।

তবে অনড় অবস্থানে রয়েছে প্রশাসন। পুলিশি নির্দেশ, নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। কালীপুজোর দিনে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *