বেতনের টাকা নিয়ে ফেরার পথে চরম বিপত্তি, উৎসবের মুখে দিশেহারা হাজার হাজার মানুষ!

এবেলা ডেস্কঃ
বেতন পেয়ে বাড়ি ফেরার ঢল, নোয়েডা ও গ্রেটার নোয়েডায় চরম যানজট ও নৈরাজ্য
নিজস্ব প্রতিবেদক, নোয়েডা: মাসের শুরুতে বেতন পাওয়ার পরপরই বাড়ি ফেরার তাগিদে নোয়েডা ও গ্রেটার নোয়েডার প্রধান বাস স্টেশন ও সড়কগুলোতে দেখা দিল নজিরবিহীন ভিড়। সরকারি বাসের তীব্র সংকটে হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে রইলেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বেসরকারি বাস ও গাড়িচালকদের বিরুদ্ধে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা থেকেই সেক্টর-৬২, সেক্টর-৩৭ এবং বোটানিক্যাল গার্ডেন বাস স্টেশনে ঘরমুখী মানুষের ঢল নামে। গাজীপুর, হাপুর, মিরাট, বুলন্দশহরসহ বিহারগামী দূরপাল্লার যাত্রীদের ভিড়ে বাস স্টপগুলো কার্যত জনসমুদ্রে পরিণত হয়। শিশু, মহিলা ও বয়স্ক মানুষসহ বহু যাত্রী দীর্ঘ সময় অপেক্ষার পরও বাসে ওঠার জায়গা না পেয়ে চরম ভোগান্তির শিকার হন।
একই সময়ে দাদরি, পরী চক ও যমুনা এক্সপ্রেসওয়ের ‘জিরো পয়েন্টে’ যানবাহনের ব্যাপক চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে আটকে থাকা গাড়ির কারণে যাত্রীরা রাতে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন। বহু মানুষ বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই রাত কাটাতে বাধ্য হন।
অভিযোগ উঠেছে, ক্রমবর্ধমান যাত্রীর তুলনায় উত্তরপ্রদেশ রোডওয়েজের বাসের সংখ্যা ছিল অপ্রতুল। সরকারি পরিবহণ ব্যবস্থার এই ব্যর্থতার সুযোগ নিয়ে বেসরকারি বাস, অটো ও ট্যাক্সি চালকেরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত ভাড়া আদায় করেছেন।
উৎসবের মরসুমে প্রতি বছরই শ্রমিক ও কর্মচারীদের এই বিপুল ভিড় সামাল দেওয়ার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রশাসন ও পরিবহণ দপ্তরের এমন ‘অপ্রস্তুত’ ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত বাসের ব্যবস্থা না থাকায় এই চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
