দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও! বুকস্টলে ভাঙচুরের ঘটনায় উত্তাল হাবড়া ও নৈহাটি

দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও! বুকস্টলে ভাঙচুরের ঘটনায় উত্তাল হাবড়া ও নৈহাটি

এবেলা ডেস্কঃ

 

হাবড়া ও নৈহাটিতে এসএফআই-এর বুকস্টল ভাঙচুর, দায় অস্বীকার বিজেপি ও শাসকদলের

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই কালীপূজার আবহে ফের বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠল। এবার উত্তর ২৪ পরগনার হাবড়া ও নৈহাটিতে এসএফআই-এর স্টল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পেছনে বিজেপি ও শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছে এসএফআই। যদিও উভয় পক্ষই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবড়া-২ গ্রামীণ এলাকায় এসএফআই একটি বুকস্টল দিয়েছিল। সংগঠনের অভিযোগ, রবিবার বিজেপির কিছু কর্মী-সমর্থক সেখানে এসে জোরপূর্বক নিজেদের দলের ফ্লেক্স লাগানোর চেষ্টা করেন। এসএফআই কর্মীরা বাধা দিলে শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই স্টলে ভাঙচুর চালানো হয় এবং মনীষীদের ছবি মাটিতে ফেলে অপমান করা হয়। স্টলের বইপত্রও ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে এসএফআই নেতৃত্ব। তবে বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

অন্যদিকে, নৈহাটি স্টেশন রোডের কলেজ মোড়েও এসএফআই-এর বুকস্টল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাম ছাত্র সংগঠনের দাবি, আগে থেকেই স্টল সরিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকি উপেক্ষা করায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা রূপক মিত্র পাল্টা দাবি করেছেন, এসএফআই নিজেরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে স্টল ভাঙচুর করেছে। রাজনৈতিক ফায়দা লুটতে এবং সহানুভূতি পেতে শাসকদল বা বিজেপির ওপর দোষ চাপানো হচ্ছে বলে তাঁর দাবি।

উল্লেখ্য, এবারের দুর্গাপূজাতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের বুকস্টল ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেওয়ার মতো বেশ কিছু ঘটনা ঘটেছে। কালীপূজাতেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *