পুজো শেষ বহু আগেই, তবুও কেন সরছে না বাঁশের জঙ্গল?

এবেলা ডেস্কঃ
রাস্তায় বাঁশের কাঠামো না খোলায় ১৫০ পুজো কমিটিকে জরিমানা করছে কলকাতা পুরসভা
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: দুর্গাপুজোর বিজ্ঞাপনের জন্য রাস্তার ধারে বসানো বাঁশের কাঠামো নির্দিষ্ট সময়ের মধ্যে না খোলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুরসভা। নিয়ম অমান্যকারী ১৫০টি পুজো কমিটিকে মোটা অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। এই মর্মে সংশ্লিষ্ট কমিটিগুলোকে নোটিস পাঠানো হচ্ছে।
গত কয়েক বছর ধরেই পুজোর বিজ্ঞাপনের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে পুরসভা। চলতি বছর ৯৬২টি পুজো কমিটি ও বিজ্ঞাপনদাতা সংস্থাকে শর্তসাপেক্ষে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী, পুজোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞাপন ও তার কাঠামো সরিয়ে ফেলার কথা ছিল। অভিযোগ, অনেক ক্ষেত্রে ফ্লেক্স বা ব্যানার সরিয়ে নেওয়া হলেও রাস্তার ধারে বসানো বাঁশের কাঠামো রয়ে গিয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে বড়সড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
পুরসভার বিজ্ঞাপন বিভাগের তথ্য অনুযায়ী, শহরের পটারি রোড, কুমোরটুলি পার্ক, কেন্দুয়া, পাটুলি, দেশপ্রিয় পার্ক ও জগৎ মুখার্জি পার্কের মতো একাধিক এলাকায় এখনও এমন বাঁশের স্ট্রাকচার টিকে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমনিতেই শহরের বহু রাস্তা অপরিসর, তার ওপর এই কাঠামো আটকে থাকায় যানজট বাড়ছে এবং গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।
পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, পুজোর অস্থায়ী বিজ্ঞাপনের জন্য পুরসভা ফি মকুব করে দিলেও কমিটিগুলি শর্ত মানেনি। তাই শাস্তিস্বরূপ বিজ্ঞাপন ফির তিনগুণ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি বর্গফুট ৯০ টাকা হিসেবে এই জরিমানা আদায় করা হবে। যে পুজো কমিটি বা বিজ্ঞাপনদাতা সংস্থা যত বেশি জায়গা জুড়ে কাঠামো রেখেছিল, তাদের তত বেশি টাকা গুনতে হবে।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞাপনের কাঠামো খোলা নিয়ে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা মানা হয়নি। লোকবলের অভাবে পুরসভাকে অনেক জায়গায় নিজেরাই এই কাঠামো সরানোর কাজ করতে হয়েছে। সেই কারণেই এবার কঠোর আর্থিক শাস্তির পথ বেছে নেওয়া হলো। দ্রুত এই বকেয়া কাঠামো সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
