মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে আসরে ট্রাম্প, ইসলামাবাদে চলছে হাইভোল্টেজ বৈঠক!

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনে আগামী ২০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক একদিন আগে আয়োজিত এই বৈঠকে তেহরান ও ওয়াশিংটনের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেবেন। কাতার, তুরস্ক ও পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় আয়োজিত এ আলোচনায় কোনো সুনির্দিষ্ট সমাধান মিললে তবেই সংঘাত এড়ানো সম্ভব হবে, অন্যথায় যুদ্ধবিরতির মেয়াদ ফুরালে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত শুরুর আশঙ্কা রয়েছে। গত ১১ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকটি ২১ ঘণ্টা স্থায়ী হলেও তাতে কোনো চূড়ান্ত ফলাফল আসেনি।
এই শান্তি আলোচনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হলে তিনি সশরীরে ইসলামাবাদে উপস্থিত হতে পারেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে ট্রাম্প ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। আলোচনার প্রস্তুতি নিশ্চিত করতে ইতিমধ্যেই কাতারের আমির ও তুরস্কের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। তবে ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইর পক্ষ থেকে কে এই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
