মমতাকে ‘সমর্থন’ বিজেপির! বাংলায় ফের SIR নিয়ে শমীক ভট্টাচার্যের বিষ্ফোরক দাবিতে তোলপাড় রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে হওয়া এসআইআর (SIR) ইস্যুতে ৯০ লক্ষের বেশি নাম বাদ পড়ার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত। কালীঘাটের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সমাবেশ থেকে ভুল পদ্ধতির এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন। এবার সেই প্রেক্ষিতে মমতার সুরেই সুর মিলিয়ে শমীক ভট্টাচার্য বলেন, বাংলায় যেভাবে এসআইআর হয়েছে, তা অনুচিত। কিন্তু এর পেছনে তৃণমূলের ‘অপশাসন’কে দায়ী করে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ তোলেন, বিডিও অফিসে আগুন, অগ্নিমিত্রা পালকে আক্রমণ ও হিংসার পরিবেশ তৈরি করে ভুয়ো পদ্ধতি চালিয়েছে শাসকদল।
তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি শমীক দাবি করেন, রাজ্যে আরেকবার সঠিক পদ্ধতিতে এসআইআর করার প্রবল প্রয়োজন রয়েছে। তাঁর দাবি, পুনরায় প্রক্রিয়া শুরু হলে অন্তত আরও ৩০ লক্ষ নাম তালিকা থেকে বাদ যাবে। একই সঙ্গে দিল্লিতে বিজেপিকে সরাতে সিপিএমের মমতাকে সমর্থন জানানো নিয়ে বাম নেতৃত্বকে তীব্র খোঁচা দেন তিনি। শমীক কটাক্ষ করে বলেন, যে দিন সিপিএম নেতারা নবান্নে ফিসফ্রাই খেতে গিয়েছিলেন, সে দিনই মুজফফর আহমেদ ও প্রমোদ দাশগুপ্তের আদর্শের মৃত্যু ঘটে অন্তর্জলী যাত্রা সম্পন্ন হয়েছে।
