‘মমতার হাতে বাটি ধরাতে’ এবার কোন পথে বিজেপি? কর্মীদের বড় বার্তা শুভেন্দুর! – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন এই পৌরভোটে রাজ্যের শাসকদলকে একটি আসনও না ছাড়ার ডাক দিয়ে তিনি বলেন, ৩০টি আসনেই বিরোধী শিবিরকে শূন্য করে দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরাতে হবে। সম্প্রতি নন্দীগ্রাম উপনির্বাচন ও তমলুকের রাজনৈতিক সাফল্যের পর বিজেপির সাংগঠনিক শক্তি আরও বাড়াতে দলীয় কর্মীদের কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি।
নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির জয় এবং তমলুক লোকসভা কেন্দ্র ও বিধানসভা উপনির্বাচনে গেরুয়া শিবিরের ধারাবাহিক সাফল্যের পর এবার হলদিয়া পুরসভা দখলকে পাখির চোখ করেছে রাজ্য বিজেপি। কালীপুজোর ঠিক পরেই এই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুরের দলের নেতাকর্মীদের সর্বশক্তি দিয়ে প্রচার ও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
