“মলেস্টেশনের অভিযোগ তো শতরূপের বিরুদ্ধেই!” ক্লিনচিট পাওয়ার নথি দেখিয়ে বামনেতাকে তোপ নিখিলের – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি ঘিরে এবিভিপির ইউনিট সভাপতি নিখিল দাস ও বামনেতা শতরূপ ঘোষের বাগযুদ্ধ তুঙ্গে। সম্প্রতি এক টিভি বিতর্কে নিখিলকে কুরুচিকর আক্রমণ করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে পুরনো যৌন হেনস্থার অভিযোগ তুলে ধরেন শতরূপ। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে পাল্টা জবাব দিলেন নিখিল।
আদালতের নথি প্রকাশ করে নিখিল দাবি করেন, ওই মামলায় তিনি ইতিমধ্যেই নির্দোষ প্রমাণিত হয়ে ক্লিনচিট পেয়েছেন। এরপরই শতরূপ ঘোষের ২০২১ সালের নির্বাচনী হলফনামা সামনে এনে নিখিল প্রশ্ন তোলেন, বামনেতার নিজের বিরুদ্ধেই তো মলেস্টেশনের অভিযোগ রয়েছে; সে বিষয়ে কি তাঁর কাছে নির্দোষ হওয়ার প্রমাণ আছে? শতরূপের বারবার হার এবং সিপিএমের শূন্যে নেমে আসার পেছনে তাঁর ঔদ্ধত্যকেই দায়ী করেন এই এবিভিপি নেতা।
এছাড়াও সিপিএম ও নকশালদের আঁতাত এবং শিক্ষকদের একাংশের বিরুদ্ধে ছাত্র উস্কানির অভিযোগ এনেছেন নিখিল। অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, বামপন্থীদের মগজধোলাই থেকে সন্তানদের দূরে না রাখলে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। তবে এই সমস্ত বিষয়ে শতরূপ ঘোষের মন্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
