মহাদেব অ্যাপ কাণ্ড: ৬ রাজ্যে ৩৩ জায়গায় সিবিআইয়ের বড়সড় তল্লাশি

মহাদেব অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় দেশজুড়ে বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মামলার অন্যতম মূল প্রোমোটার সৌরভ চন্দ্রাকরকে ওমান থেকে প্রত্যর্পণের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। দেশের মোট ৬টি রাজ্যে ৩৩টি জায়গায় সিবিআই আধিকারিকরা একযোগে এই অভিযান পরিচালনা করেছেন।
অভিযান চলাকালীন একাধিক জায়গায় সক্রিয় অনলাইন বেটিং ও জুয়ার প্যানেল খুঁজে পান তদন্তকারীরা, যা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। তল্লাশিতে বিভিন্ন ডিজিটাল যন্ত্র, মোবাইল ফোন এবং হাওয়ালা নেটওয়ার্ক ও ‘মুল অ্যাকাউন্ট’ ব্যবহারের প্রমাণবাহী গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, বিদেশ থেকে পরিচালিত এই প্ল্যাটফর্মটি ভারতে প্যানেল অপারেটরদের একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করত। এই অপারেটররা অন্যের নামে খোলা বা ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেটিংয়ের টাকা সংগ্রহ করে হাওয়ালা চ্যানেলের সাহায্যে বিদেশে পাঠাত।
উল্লেখ্য, সৌরভ চন্দ্রাকরকে গ্রেফতারের পর রায়পুরের বিশেষ আদালতে পেশ করা হলে তাকে ১৯ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সিবিআইয়ের তরফে জনসাধারণকে সতর্ক করে জানানো হয়েছে যে, অনলাইন বেটিং ও জুয়া সম্পূর্ণ বেআইনি। নিজের ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড বা পরিচয়পত্র অন্য কাউকে ব্যবহারের জন্য দেওয়াও একটি ফৌজদারি অপরাধ। এই ধরনের কাজে যুক্ত থাকলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কেন্দ্রীয় সংস্থাটি সতর্ক করেছে।
